বাংলাদেশের ১ ট্রিলিয়ন ডলারের উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি বিনির্মাণে কেবল তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে তৈরি পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোকে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
১৯৭০-এর দশকের শেষভাগে যাত্রা শুরু করা তৈরি পোশাকশিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তরকারী ভূমিকা পালন করেছে। ১৯৯০–৯১ অর্থবছরেই দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেক আসতে শুরু করে এ খাত থেকে। পরবর্তীতে ১৯৯৭–৯৮ অর্থবছর থেকে প্রতিবছর মোট রপ্তানিতে পোশাকশিল্পের অবদান দাঁড়ায় ৭৩ থেকে ৮৪ শতাংশের মধ্যে। পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯৭–৯৮ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় যেখানে ছিল ৩৮০ কোটি ডলার, ২০১৮–১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪১০ কোটি ডলারে। ২০২১–২২ অর্থবছরে এই রপ্তানি আয় সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ২৬০ কোটি ডলারে পৌঁছেছিল।
প্রখ্যাত অর্থনীতিবিদ ডব্লিউ আর্থার লুইসের তত্ত্ব অনুযায়ী, কৃষি থেকে উদ্বৃত্ত শ্রমশক্তিকে আধুনিক শিল্পে স্থানান্তরের ক্ষেত্রে পোশাক খাত বড় অবদান রেখেছে। বর্তমানে এ শিল্পে সরাসরি কাজ করছেন প্রায় ৪০ লাখ মানুষ, যার একটি বড় অংশই গ্রামের লাখ লাখ নারী। এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান সাফল্য হলেও সাম্প্রতিক তথ্য নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে।
গত অর্থবছরে পোশাক রপ্তানি আয় ২০২১–২২ অর্থবছরের রেকর্ড আয়ের তুলনায় প্রায় ৯ শতাংশ এবং তার আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর পাশাপাশি পণ্যের বৈচিত্র্যহীনতাও বড় সমস্যা সৃষ্টি করেছে। বর্তমানে প্যান্ট, টি-শার্ট, সোয়েটার ও শার্ট—এই চার ধরনের পণ্য থেকেই আসে পোশাক রপ্তানির মোট আয়ের প্রায় ৮০ শতাংশ। শুধু প্যান্ট ও টি-শার্টের অংশই ৫৪ শতাংশ। রপ্তানি বাজারের দিক থেকেও পোশাক খাত সামান্য কয়েকটি অঞ্চলের ওপর নির্ভরশীল; মোট রপ্তানির ৮৪ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়, যার মধ্যে এককভাবে ইউরোপীয় ইউনিয়নেই যায় ৪৯ শতাংশ। এমনকি একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার জার্মানিতে সম্প্রতি পোশাক রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৪০ কোটি ডলারে নেমে এসেছে।
সামনে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর শুল্কমুক্ত রপ্তানির সুবিধা হারালে আরেক বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। জিসিএস প্লাস সুবিধা বা মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) না থাকলে পোশাকের ওপর গড় শুল্ক দাঁড়িয়ে যেতে পারে প্রায় ১২ শতাংশে। ইতোমধ্যে বিশ্ববাজারে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। ভিয়েতনাম সাধারণ পণ্যের বাইরে ইলেকট্রনিকস ও যন্ত্রপাতির দিকে নজর দিয়ে রপ্তানি বহুমাত্রিক করেছে, থাইল্যান্ড বিদেশি বিনিয়োগে যন্ত্রাংশ সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে এবং ভারত ওষুধ, পেট্রোলিয়াম, প্রকৌশলপণ্য ও ইলেকট্রনিকসে শক্ত অবস্থান তৈরি করেছে।
পোশাকবহির্ভূত খাতের স্থবিরতার পরিসংখ্যানও উদ্বেগজনক। তৈরি পোশাক বাদ দিলে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে অন্য সব খাত মিলিয়ে রপ্তানি আয় ছিল প্রায় ৯৩০ কোটি ডলার, যা ২০২১–২২ অর্থবছরের ৯৫০ কোটি ডলারের মতোই স্তব্ধ অবস্থায় রয়েছে। বছরের পর বছর নানা সহায়তামূলক নীতি কেবল পোশাকশিল্পকেন্দ্রিক থাকায় এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানি ও নগদ প্রণোদনার সিংহভাগ এ খাতেই বজায় থাকায় অন্য খাতগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়নি। একই সঙ্গে বিদ্যুৎ, পণ্য পরিবহন ও বন্দরের সেবায় নানা অনিশ্চয়তা সামলানো নতুন উদীয়মান শিল্পের জন্য কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশের অর্থনীতিকে নতুন ধাপে উন্নীত করতে চামড়া ও জুতা, ওষুধশিল্প, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ—এই পাঁচটি প্রধান খাতের ওপর অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা খাত থেকে মোট ১৭৬ কোটি ডলার রপ্তানি আয় হলেও বৈশ্বিক বাজারে দেশের অবস্থান এখনো বেশ নিচে। এ খাতের সক্ষমতা বাড়াতে পরিবেশবান্ধব কারখানা পরিচালনা, গুণগত মান নিশ্চিতকরণ ও সহজ শর্তে অর্থায়নের সুযোগ থাকা জরুরি।
একইভাবে হালকা প্রকৌশল খাতের ছোট প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানে রূপান্তরে উন্নত প্রযুক্তি, সনদব্যবস্থা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্কের ওপর জোর দিতে বলা হয়েছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে কোল্ড চেইন অবকাঠামো, খাদ্য নিরাপত্তা, ট্রেসিবিলিটি ও ভালো মোড়কজাতকরণ ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যদিকে ২০২৪–২৫ অর্থবছরে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা খাত থেকে ৭২ কোটি ৪৬ লাখ ডলার আয় হলেও তা ৫০০ কোটি ডলারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ক্লায়েন্ট তৈরি এবং পুনর্ব্যবহারযোগ্য সফটওয়্যার ও সার্ভিস ডেভেলপমেন্টের দিকে যেতে হবে।
রপ্তানিতে বৈচিত্র্য আনার স্বার্থে কৌশলগত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। এলডিসি উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যসুবিধা ধরে রাখার জোর আলোচনা চালানোর পাশাপাশি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত বাস্তবায়ন করতে হবে। ব্যবসার পরিবেশ উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ এবং আধুনিক বাণিজ্য ও নিয়ন্ত্রক আইন প্রণয়ন অপরিহার্য।
এছাড়া শুল্ক ছাড়পত্র ও অভ্যন্তরীণ পণ্য পরিবহন খরচ কমানো এবং উৎপাদনকেন্দ্রের সঙ্গে বন্দর ও সীমান্ত সংযোগ জোরদারের ওপর তাগিদ দেওয়া হয়েছে। ঢালাও নগদ প্রণোদনা বন্ধ করে কাজের পারফরম্যান্স এবং রপ্তানি অর্জনের ওপর ভিত্তি করে সব খাতের জন্য উন্মুক্ত সহায়তার নিয়ম চালু করা প্রয়োজন। চামড়া, ওষুধ, প্রকৌশল ও আইটি শিল্পের চাহিদা মেটাতে প্রাসঙ্গিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকার ও খাত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের যৌথভাবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, অবকাঠামো বিনিয়োগ ও সময়সীমাভিত্তিক স্পষ্ট খাতওয়ারি পরিকল্পনা বাস্তবায়ন করা আবশ্যক।




