কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নুসরাত তাবাসসুম নিজেই এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে নুসরাত তাবাসসুম ফেসবুকে লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও উল্লেখ করেন, এভাবে কণ্ঠরোধ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
স্থানীয়রা এবং ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার বিষয়টি তুলে ধরেছেন।
এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা এবং একজন পার্লামেন্ট মেম্বারের বাড়িতে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন এমপির বাড়িই যদি হামলার ঝুঁকিতে থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




