প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৬ ও ৭ জানুয়ারির হরতালে সমর্থন জানিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার মঞ্চ। আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মঞ্চের কার্যালয়ে এক জরুরী সভায় এ ঘোষণা দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের সংকটময় পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগীরা। তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে একতরফা প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। যতক্ষণ পর্যন্ত এই ডামি নির্বাচন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে আমরণ লড়াই সংগ্রাম চলবে। তারই অংশ হিসেবে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা শান্তিপূর্ণ হরতালে সমর্থন জানাচ্ছি এবং জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি। হরতালকে কেন্দ্র করে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে।
উপস্থিত ছিলেন জনতার অধিকার মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন, সমন্বয়কারী ও গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, সমন্বয়কারী ও গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম আসাদ এবং সমন্বয়কারী ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম।




