বাংলাদেশি চলচ্চিত্রে দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ড আয়োজনে তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিজেএফবি’র এই ২৫তম আসর অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজনেই অভিনেতা উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে।
সিজেএফবি সূত্রে জানা গেছে, গত ২৪ বছরে সংগঠনটি দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিকে এই আজীবন সম্মাননায় ভূষিত করেছে। এই তালিকার মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, তারিক আনাম খান ও শবনম।




