আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনের শ্রমিক সংগঠনগুলো দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছে। বুধবারের এই ধর্মঘটে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা দেশজুড়ে পরিবহন ও সরকারি সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটায়। রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।
বিক্ষোভের এক পর্যায়ে বার্সেলোনায় সহিংস পরিস্থিতি তৈরি হয়। মুখোশধারী একদল বিক্ষোভকারী রাস্তায় ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন দোকানের জানালা ভাঙচুর করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ সময় লেগোসহ বেশ কিছু দোকানে লুটপাটের চেষ্টা চালানো হয় এবং অ্যাপল স্টোরে প্রবেশের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ছুড়ে মারলে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মঘটকে সফল দাবি করে প্রধান শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ বলেন, এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। সিসি ওওর নেতা উনাই সোর্দো অংশগ্রহণের হারকে অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে বর্ণনা করেছেন। এই আন্দোলনের পেছনে মাদ্রিদের ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার দীর্ঘদিনের ভাড়া বাসা থেকে উচ্ছেদের ঘটনাটি অনুঘটক হিসেবে কাজ করেছে। ওই বৃদ্ধা নতুন বাড়িওয়ালার অধীনে তিন গুণ ভাড়া বৃদ্ধির শিকার হন এবং উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে মারা যান।
আবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্পেনে আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়ায় ব্যয় করা আর্থিকভাবে চাপের কারণ। আইডিয়ালিস্তার তথ্যমতে, মাদ্রিদে ৫০ বর্গমিটারের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ১ হাজার ১৭০ ইউরো, যেখানে গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। ওলগা দোমিঙ্গো নামক এক শিক্ষক বলেন, বর্তমান আয়ের তুলনায় জীবনযাত্রার খরচ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
এবারের ধর্মঘটটি ২০১২ সালের পর প্রথম হলেও, এটি রাজনৈতিক ও সরকারি সমর্থনের দিক থেকে ভিন্ন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শ্রমিকদের ধর্মঘটের অধিকারকে সমর্থন জানিয়েছেন। তবে বিরোধী রক্ষণশীল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অর্থহীন বলে সমালোচনা করেছেন। ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগুয়েল গারিদো মনে করেন, আবাসন সংকটের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের সরাসরি সম্পর্ক নেই। আগামী ২৯ নভেম্বর সংসদ নির্বাচনের আগে এই ধর্মঘটকে সরকারের প্রতি জনঅসন্তোষের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। এদিকে রেড এলেকট্রিকার তথ্য অনুযায়ী, ধর্মঘটের প্রভাবে বুধবার ভোরে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমেছে।




