নিজস্ব প্রতিনিধি: চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী খান পরিবারের মৃত আহম্মদ হোসেন খানের মেয়ে মোছাম্মৎ শাহানা বেগমের প্রতিবন্ধী ভাতার টাকা তার ভাইঝি জামাই মো. শাহজাহান চৌধুরী সু-কৌশলে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ৮ মে বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভুক্ত ভোগীর ভাই এমরান খান লিখিত অভিযোগ করেন। এসময় তিনি তালিকা থেকে নাম কর্তন ও লজ্জাজনক দাবী করেন। জানা যায়, ভাতা ভোগীর পাস বই নং ৩০১৬ এবং উপকারভোগীর আইডি নং ১৫০০৭৮৩০ মূলে প্রতিবন্ধী ভাতার আওতাধীন মোছাম্মৎ শাহানা বেগম একজন বাক প্রতিবন্ধী ও অক্ষর জ্ঞানহীন মহিলা।
অভিযোগে এমরান খান জানান, তার ছোটবোন মোছাম্মৎ শাহানা বেগমসহ আরো ৩ বোন প্রতিবন্ধী ছিল। তাদের দেখা শুনা এবং ভরণ পোষণের জন্য তার পিতা ৫ একরের মত জমি জমাসহ দোকান ঘর রেখে যান। উক্ত সম্পদ থেকে আয়কৃত অর্থ তাদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসার কাজে ব্যয় করা হয়। বর্তমানে শাহানা ছাড়া বাকী ৩ বোন মৃত। কিন্তু তার বড় ভাইয়ের মেয়ের জামায় দোহাজারী পৌরসভার ঠিকাদার মুহাম্মদ শাহজাহান তাদের না জানিয়ে ২০২১ সালে প্রতিবন্ধী কার্ড তৈরি করে মাসিক ৮ শত ৫০ টাকা হারে ৬ ধাপে প্রায় ২০ হাজার টাকা বিভিন্ন সময় সরকার থেকে দেওয়া প্রতিবন্ধী ভাতা নগদে ও মোবাইলে সু-কৌশলে তুলে নিয়ে ভোগ করতেছে। এটি তার পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক বলেও উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ শাহাজাহান জানান, তার মোবাইল নাম্বার পরিবর্তন করে দেওয়ার জন্য সমাজসেবা অফিসারকে অনুরোধ করেন এবং যে টাকা তিনি উত্তোলন করেছেন তা ফেরত প্রদান করবেনও বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। আমি তদন্তের জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নিদের্শ দিয়েছি। এ মুহুর্তে এটি কোন পর্যায়ে আছে সমাজ সেবা অফিসারের সাথে কথা বললে জানতে পারা যাবে।
এদিকে অভিযোগের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ঘটনার সত্যতা তদন্ত করতে উভয় পক্ষের সাথে কথা বলেন।
তিনি বলেন, আমরা কমিটির সদস্যগণ বসে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিব।




