সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে এক বাড়ি থেকে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে বাবা-ছেলে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৮)। রফিকুল ইসলাম ওসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামের বাসিন্দা। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।
ঘটনার বর্ণনা দিয়ে ফরিদ উদ্দিন আরও বলেন, ‘গতকাল রাতে খাওয়া-দাওয়ার পরে সবাই এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে আত্মীয়রা সেই দরজা খোলার চেষ্টা করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা বন্ধ পায়। দরজা ভেঙে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে।’




