বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। নতুন গঠিত এই কমিটিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম মহানগর আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে নায়েবে আমীর পদে নির্বাচিত হয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল এবং ডা. ফখরুল ইসলাম।
সংগঠনটির মহানগর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। গত শনিবার রাতে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ কমিটি ও পরিষদ চূড়ান্ত করা হয়। পরে রোববার দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
কমিটি ও পরিষদ গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ইসলামী আন্দোলনে কোনো দায়িত্ব পাওয়া কেবল পদপদবি নয়, বরং এটি একটি আমানত। এই আমানত যথাযথভাবে রক্ষায় দায়িত্বশীলদের নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও নবগঠিত শূরা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।




