বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান।
ফেসবুক লাইভে রিংকু আক্তার স্পষ্ট করে বলেন, আজ থেকে তিনি চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি নিচ্ছেন। এটি কোনো হঠকারী সিদ্ধান্ত নয় উল্লেখ করে তিনি জানান, অনেক চিন্তাভাবনা করেই তিনি এই পথ বেছে নিয়েছেন।
ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে রিংকু আক্তার জানান, অতীতে তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততা বজায় রাখার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছেন। কোনো পদ-পদবি বা দলের পরিচয়ের প্রয়োজন নেই, বরং মানুষের কল্যাণে কাজ করার জন্য সৎ ইচ্ছা ও মানবিক মনই যথেষ্ট বলে তিনি মনে করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে রিংকু আক্তার সবার কাছে তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন। পাশাপাশি আমৃত্যু মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।




