পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। ২০২৫ সালের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করলেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সংলাপ ফোরামে যোগ দিতেই তার এই সফর। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শনিবার এতে মালিকের বক্তব্য রাখার কথা রয়েছে।
এই সফরকে এসসিও’র নিয়মিত ও বহুপাক্ষিক কর্মসূচি হিসেবে উল্লেখ করেছে উভয় দেশ। সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা দেয়া হয়নি। এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি সর্বশেষ ভারত সফর করেছিলেন। পাকিস্তান আগামী বছরের আগস্টে ইসলামাবাদে এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, তাই এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলামাবাদ সফরের পথ তৈরি করতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, নয়াদিল্লি পাকিস্তানের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল, তবে ইসলামাবাদ মুসাদিক মালিককে পাঠিয়েছে। পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা খুররম দস্তগীর খান জানান, ভারতের সাজানো ছকে না গিয়ে এসসিও সদস্য হিসেবে অংশ নেয়ার সিদ্ধান্তটি সচেতনভাবে নেয়া হয়েছে। এর লক্ষ্য হলো ২০২৭ সালের শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণের পথ খোলা রাখা। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রীতি অনুযায়ী সব এসসিও সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং পহেলগাম হামলার পর পাকিস্তানের বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পহেলগাম হামলার পর থেকে ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। যদিও গত ৩১ আগস্ট হেগের সালিশি আদালত রায় দেয় যে ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না। এছাড়া গত সেপ্টেম্বরে আরব সাগরে দুই দেশের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ২০১৯ সাল থেকে দুই দেশের রাজধানীতে কোনো হাইকমিশনারও নেই।
তবে হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর জানান, গত বছরের সংঘাতের কয়েক মাস পর থেকেই দুই দেশের মধ্যে বেশ কয়েকটি অনানুষ্ঠানিক বা ট্র্যাক ১.৫ ও ট্র্যাক ২ আলোচনা চলছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরুদ্দিনের মতে, ভারতের প্রেক্ষাপটে একমাত্র মোদিই ইসলামাবাদ সফরের মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, তবে আগামী আগস্টের আগে পরিস্থিতি অনেক বদলে যেতে পারে।




