চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। গত ১৬ নভেম্বর পাঠানো এই চিঠিতে প্রস্তাবিত রেলপথটির পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমানে রেলপথটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিদ্যমান এই চট্টগ্রাম-নাজিরহাট লাইনকে ফটিকছড়ি উপজেলা হয়ে রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা গেলে পার্বত্য চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের একটি আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি ও রামগড় উপজেলার বাসিন্দাদের যাতায়াত অনেক সহজ ও কম ব্যয়বহুল হবে।
চিঠিতে সংসদ সদস্য আরও উল্লেখ করেন, নতুন রেলপথ চালু হলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি রামগড় স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়া, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সৃষ্টি হবে। যা জাতীয় রেল যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পুরো পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
রেলপথটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে দ্রুত সমীক্ষা চালানোর তাগিদ দিয়েছেন ওয়াদুদ ভূঁইয়া। এই সমীক্ষায় সম্ভাব্য বিকল্প রুট, পাহাড়ি ভূপ্রকৃতি, মোট দূরত্ব, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত প্রভাব, অবকাঠামো নির্মাণ ব্যয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের সার্বিক চাহিদা মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার ফল ইতিবাচক এলে পরবর্তী ধাপে ডিপিপি প্রণয়ন ও প্রশাসনিক অনুমোদনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি নতুন রেলপথের এই প্রস্তাবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফটিকছড়ি ও খাগড়াছড়ির অধিবাসীদের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়িত হলে সড়কপথের ওপর থেকে যানবাহনের অতিরিক্ত চাপ কমবে এবং যাতায়াত খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষ করে রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য গতি পাবে এবং পর্যটকেরা সহজেই সাজেক, আলুটিলা, রিছাং ঝরনা ও খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে পারবেন।




