যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরের উড়োজাহাজ উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর সংস্থাটি এই জরুরি সিদ্ধান্ত নেয়। এই ঘটনার ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য স্থগিত রেখেছিল।
এফএএ-এর নির্দেশনা অনুযায়ী, বর্তমানে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে বিমানবন্দরগুলো থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না বলে ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে। পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এফএএ-এর প্রযুক্তিবিদেরা যোগাযোগব্যবস্থার সমস্যাটি খতিয়ে দেখছেন এবং পরিস্থিতির নতুন তথ্য পাওয়া মাত্রই জানানো হবে। এর আগে শিকাগোতেও একই ধরনের যোগাযোগ ত্রুটির কারণে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই পুরোনো যন্ত্রপাতি, নিয়ন্ত্রককর্মীর সংকট এবং যোগাযোগ ত্রুটির কারণে চাপের মুখে রয়েছে। এই অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এফএএ। কংগ্রেস গত বছর এই কাজের জন্য ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিলেও, শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দের আবেদন জানিয়েছে। এদিকে, পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে এবং জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই।




