কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভৈরবের বাদশাবিল-নয়াহাটি এলাকার একটি রাস্তা উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির জমি সরকারি স্বাস্থ্য বিভাগের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে। কোনো ব্যক্তি পর্যায়ে এই ভূমি লিজ দেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানান, সরকারি এই প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রেখে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি জেলা পরিষদের পক্ষ থেকে এই ভূমির মালিকানা দাবি করা হয়, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা পরিষদকে উচ্চপর্যায়ে বসে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। হঠাৎ করে কারো দাবি উত্থাপন করলেই তা গ্রহণযোগ্য হবে না।
মো. শরীফুল আলম আরও বলেন, বর্তমানে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চালু রয়েছে এবং প্রতিদিন রোগীরা এখান থেকে সেবা নিচ্ছেন। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চালু রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করার সুযোগ নেই। তাঁর মতে, উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় ডায়াবেটিস হাসপাতাল নির্মিত হলে এলাকার রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। তিনি বলেন, জনস্বার্থে যা যা করা প্রয়োজন, তিনি তা করবেন। মানুষের সেবা বন্ধ করে কোনো উন্নয়ন হতে পারে না। বর্তমান সরকার জনবান্ধব সরকার এবং জনগণের উপকারে সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী একই এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।




