গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেদিন বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় ধর্মঘটের সমর্থকরা। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হলে সাধারণ মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
এদিকে গোপালগঞ্জ সদর থানায়ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে ১৫৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০০ জনসহ মোট ৪৫৩ জনকে আসামি করা হয়েছে।




