তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ইয়েসিলইউর্ত জেলায় সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলার সামানকয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অজ্ঞাত কারণে মালাতিয়ায় এস-৭০ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ইতোমধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনাস্থলে সৃষ্ট ছোট একটি আগুন জরুরি সেবাকর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনেন। এছাড়া পুলিশ ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
তবে হেলিকপ্টারটি কী ধরনের মিশনে নিয়োজিত ছিল বা এতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বিধ্বস্ত এস-৭০ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কির তৈরি ব্ল্যাক হক পরিবারের একটি সামরিক বহুমুখী হেলিকপ্টার, যা তুরস্কের সশস্ত্র বাহিনী ব্যবহার করে থাকে।




