যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তির প্রয়োজনীয়তা নেই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে এবং ইরানকে দেওয়া অর্থ ও হরমুজ প্রণালিসহ তাদের সব সুযোগ-সুবিধা ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে একটি নতুন নির্দেশনা দিয়েছেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার পরিবর্তে ভ্যান্সকে এখন ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে কথিত অপরাধ ও দুর্নীতির তদন্তে ‘সম্পূর্ণ মনোযোগ’ দিতে বলেছেন তিনি। ট্রাম্পের দাবি, এসব এলাকায় ব্যাপক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা গেলে বাজেটের ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি দুর্নীতিকে ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তে মিশে থাকা বিষয় বলে আখ্যা দেন।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি শান্তি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এই প্রচেষ্টার প্রতিফলন দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, নির্বাচনের পর ইরান হয়তো যুদ্ধ অবসানে চুক্তিতে আগ্রহী হতে পারে। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসনের ধারণা, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ কার্যকর হচ্ছে, যার ফলে আপাতত সামরিক অভিযান বাড়ানো বা কূটনৈতিক আলোচনার প্রয়োজন নেই।
বর্তমানে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে। এদিকে, বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করার কারণে চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে জেডি ভ্যান্সের অবস্থান শুরু থেকেই কিছুটা সংশয়পূর্ণ ছিল। গত এপ্রিলে পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যার ফলে জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও তা কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ে। প্যারিসে মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সম্ভাব্য চুক্তির শর্তগুলোকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, ট্রাম্প কোনো খারাপ চুক্তিতে স্বাক্ষর করবেন না।
রিপাবলিকান দলের অভ্যন্তরীণ রাজনীতিতে ভ্যান্স গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন। তিনি যুদ্ধের বিপুল ব্যয়কে নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে এই যুদ্ধকে প্রয়োজনীয় বলে সমর্থন দিয়েছেন। ভ্যান্সের দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
তবে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি।অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত ভ্যান্স গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন।




