পরিবেশদূষণ রোধে পাবনা জেলা সদরে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) এই অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। প্রসিকিউশন পরিচালনায় দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আব্দুল মমিন।
অভিযান চলাকালে পাবনা জেলা পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে এ ধরনের আইনি পদক্ষেপ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




