গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রত্যাশা করে। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি দূর হওয়ার বদলে নতুন করে চাঁদাবাজি, দখলদারত্ব ও দুর্নীতির নানা সংস্করণ দেখা যাচ্ছে। এসব অপকর্মের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংগঠনের রুকনদের উদ্দেশে জামায়াত নেতা বলেন, একজন রুকনকে জ্ঞান, আমল ও উন্নত নৈতিক চরিত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ অনুসরণের পাশাপাশি কথা ও কাজের মিল রেখে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। অসৎ নেতৃত্বের জায়গায় সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ার তাগিদ দেন তিনি। এছাড়া উত্তম আচরণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করার পরামর্শ দেন।
তিনি স্পষ্ট করেন যে, রুকন পদ কোনো সামাজিক পদবি বা মর্যাদার প্রতীক নয়; এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গৃহীত একটি বিশেষ দায়িত্ব ও শপথ। ফলে নানা প্রতিকূলতা ও ত্যাগের মধ্যেও দ্বীনের দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকার পাশাপাশি মৌলভীবাজার জেলাকে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া। বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ত্যাগের বিকল্প নেই এবং দুনিয়ার সাময়িক স্বার্থের বদলে পরকালের সফলতার জন্য কাজ করা জরুরি।
শিক্ষা শিবিরের সমাপনী আয়োজনে ২০২৭-২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর হিসেবে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ তাকে এই শপথ পরিচালনা করান।




