হংকং থেকে মসলার আড়ালে অবৈধভাবে আমদানি করা ৩০ কেজি সিসা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই অবৈধ আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়ার পর অধিদপ্তরের একটি গোয়েন্দা দল দীর্ঘ দুই মাস নজরদারি চালায়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলায়মান আহমেদ শুভ (৩১), শাকিল আহমেদ (৩২) ও মেহেদী হাসান (৪৬)।
ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোয়েন্দারা ক্রেতা সেজে প্রথমে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। আমদানি থেকে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে অর্ডার করা পাঁচ কেজি সিসা সংগ্রহ করতে গিয়ে আমদানিকৃত আরও ২৫ কেজি মিলিয়ে মোট ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।
গত ১১ নভেম্বর রাতে উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত ‘আসসুন্নাহ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সোলায়মান আহমেদ শুভকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা ‘আল ফাখের’ ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক শাকিল আহমেদের কাছ থেকে এই সিসা সংগ্রহ করেছেন। এই তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং সিসা সরবরাহ-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। পরবর্তীতে শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান জিজ্ঞাসাবাদে জানান, তিনি নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসাগুলো বাংলাদেশে এনে শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন, যা পরে শাকিলের মাধ্যমে সোলায়মানের কাছে পৌঁছাত।
ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সোলায়মান জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




