গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড থানা চত্বর, সিআইডি’র প্রধান কার্যালয়ের সামনে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের পাশে সংঘটিত হয়েছে। পার্কিং করা বাসসহ চলন্ত বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজধানীতে জড়ো করার তথ্যও পাওয়া যাচ্ছে।
গোয়েন্দা সূত্রের দাবি, নভেম্বর মাসজুড়েই নাশকতার পরিকল্পনা রয়েছে দলটির। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের সাংগঠনিক অবস্থানের জানান দেওয়ার চেষ্টা করছে। পরিকল্পনা বাস্তবায়নে মোটরসাইকেলকে অন্যতম বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে। নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে হেলমেট পরে এসে দ্রুত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করছে। অনেক ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা স্থান বেছে নেওয়া হচ্ছে, এমনকি ফ্লাইওভারের ওপর থেকেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। নাশকতার ধারণ করা ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপসহ নির্দেশদাতাদের কাছে পাঠানোর পরেই মিলছে অর্থ। সংশ্লিষ্টদের মতে, বিদেশ থেকে পলাতক নেতারা এই নাশকতার নির্দেশনা দিচ্ছেন এবং দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তা বাস্তবায়ন করছেন। আগে থেকেই রেকি করে বাসের অবস্থান শনাক্তের পর খবর পৌঁছে দেওয়া হচ্ছে অন্য পক্ষের কাছে, যারা গিয়ে বাসে আগুন দিচ্ছে।
গত ১০ই জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এই ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও প্রচার-প্রচারণা বেড়েছে। ৮ই নভেম্বরের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ই নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। গত ১০ই নভেম্বর মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি’র উত্তরা বিভাগে অন্তত ৬টি ও গুলশান বিভাগে ৫টি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের অধিকাংশই ঢাকার বাইরের বাসিন্দা। ৮ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল করিম (নাটোর), সোহেল রানা (রাজশাহী) ও নাজমুস সাদ (গোপালগঞ্জ) নামে তিনজনকে আটক করা হয়। একই রাতে রূপনগর থানার সামনে থেকে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ, যিনি মিরপুরের জসিম নামে এক ব্যক্তির নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলে দাবি করেন। ৯ই নভেম্বর রামপুরা বনশ্রী এলাকায় শ্রাবণ সরদার (পাবনা) ও রবিন (দিনাজপুর) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঢাবি ক্যাম্পাসে আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (পাবনা) ও জাবির সালেহীন দীপু (বাগেরহাট) নামে দু’জনকে আটক করেন শিক্ষার্থীরা। এছাড়া যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পাঁচটি ককটেলসহ আটক করা হয়, যার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানায়। ১০ই নভেম্বর ঢাবি ভিসি চত্বর থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চাঁদপুর জেলার এক কর্মীকে আটক করে ছাত্রদল।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শনিবার থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর মধ্যে শনিবার লিফলেট বিতরণ, রোববার গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, সোমবার স্মারকলিপি প্রদান, মঙ্গলবার ‘কালো দিবস’ পালন এবং ১৯শে নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি রয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি কামারুম মুনিরা জানান, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন জানান, নাশকতার নেপথ্যে কারা ইন্ধন দিচ্ছে এবং কোথা থেকে অর্থায়ন আসছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।




