রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, সম্পত্তি দখল, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো কোনোভাবেই আপস না করে যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (১৩ নভেম্বর) সিলেটে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে হবে।
সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি আইন কর্মকর্তাদের (জিপি) সমাদর ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট করেন যে, কেবল রাজনৈতিক পরিচয় বা ভিন্ন মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনীতির ঢাল ব্যবহার করে যারা অপরাধে জড়িয়েছে, সরকারি আইন কর্মকর্তা হিসেবে তাদের বিচার প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে পরিচালনা করা আবশ্যক। একই সঙ্গে পিপি, জিপি, এজিপি ও এপিপিদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাদক ও অনলাইন জুয়াকে বর্তমান সমাজের অন্যতম ভয়াবহ ব্যাধি হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকসংক্রান্ত মামলাগুলোর বিচারকাজ দ্রুত পরিচালনা করতে হবে। আইনি কোনো ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা যাতে সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সরকারি আইন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাদকাসক্তি কেবল একটি ব্যক্তির ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে বিপন্ন করে এবং সমাজে সংঘটিত সিংহভাগ অপরাধের পেছনে মাদকের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকে।
অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব প্রসঙ্গে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সারাদিনের উপার্জিত অর্থ জুয়ায় হারিয়ে তারা পরিবারকে চরম অনটনের মুখে ঠেলে দিচ্ছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের স্ত্রী ও সন্তানদের ওপর। এ কারণে মাদক ও জুয়া সংক্রান্ত মামলায় আইন কর্মকর্তাদের বিশেষ তৎপরতা ও সক্রিয় অবস্থান প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি আদালতে ন্যায়বিচার চাইতে আসা সাধারণ বিচারপ্রার্থীদের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তারা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সেদিকে কড়া নজর রাখার অনুরোধ জানান।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট জেলা পিপি আশিক উদ্দিন ও পিপি মমিনুল ইসলাম মমিন। উল্লেখ্য, এই মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে মন্ত্রী সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ সরজমিনে পরিদর্শ করেন।




