বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে তিনি যোগদান করেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল নগরীতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
এর আগে গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ৭(২) ধারা মোতাবেক এ নিয়োগ সম্পন্ন হয়েছে। দায়িত্ব গ্রহণের পূর্বশর্ত হিসেবে তাকে অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হলেও দলীয় রাজনীতিতে যুক্ত থাকার সুযোগ রয়েছে বলে জানা গেছে।
বিডিএর চেয়ারম্যান পদের জন্য বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ছিল। তাঁদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অন্যতম। নানা আলোচনার পর শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারকেই এই পদে বহাল করা হলো।
দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির রাজপথে সক্রিয় থাকা জিয়াউদ্দিন সিকদার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের সম্মুখীন হন। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি পেরিয়ে এবার তিনি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার দায়িত্ব পেলেন।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় জিয়াউদ্দিন সিকদার বিডিএর চেয়ারম্যান হিসেবে তাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শে অবিচল ছিলেন এবং জুলাই আন্দোলনে আহত হলেও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ছেড়ে যাননি। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং বরিশালকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে বিডিএর শীর্ষ পদে যোগ দেওয়ার পর নতুন চেয়ারম্যানের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে নগরীর পরিকল্পিত বিকাশ। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, অপরিকল্পিত নগরায়ন রোধ, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, খাল-জলাশয় সংরক্ষণ, টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন।
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ১১আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ২০




