কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি কটিয়াদী মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গল থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।




