শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ দুই সপ্তাহের সরকারি সফরে ঢাকায় আসছেন। আগামী ২০ নভেম্বর তিনি বাংলাদেশে পা রাখবেন। সরকারের আমন্ত্রণে এই সফরে তিনি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার মান, শিক্ষাপ্রতিষ্ঠানে সবার জন্য সমান সুযোগ এবং এ সংক্রান্ত সরকারি নীতিমালা পর্যালোচনা করবেন।
সফরসূচি অনুযায়ী, তিনি দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, সরকারের নেওয়া উদ্যোগ এবং বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে, যেখানে তিনি শরণার্থী শিশুদের শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করবেন।
নিরাপত্তা ও সফরসূচির বিষয় বিবেচনায় নিয়ে তার বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে না, তবে তিনি কোন কোন শহর সফর করবেন তা জানানো হবে। আগামী ২০ নভেম্বর তার সফর নিয়ে একটি মিডিয়া অ্যাডভাইজরি দেওয়া হবে। সফর শেষে ৩ ডিসেম্বর বিকালে তিনি স্বীকৃত সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে তিনি তার প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরবেন। ম্যান্ডেটের নিয়ম অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে তিনি গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেবেন না।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদ নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে বিশেষ র্যাপোর্টিয়াররা বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সফর শেষে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে তিনি জাতিসংঘে প্রতিবেদন উপস্থাপন করবেন।




