কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বসতবাড়িতে পেট্রলবোমা দিয়ে আগুন দেওয়ার ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, হামলা চালিয়ে তাঁদের রাজপথের লড়াই-সংগ্রাম থেকে দমিয়ে রাখা যাবে না। সংবাদ সম্মেলনের সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদে’র এই সদস্য বলেন, দাবি-দাওয়া নিয়ে তিনি অতীতেও রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর দাবি, গত ১৭ বছরে বাংলাদেশে এ ধরনের বহু অগ্নিকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছে, আর সেই সব ঘটনার ধারাবাহিকতার ফল হিসেবেই চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে। তাই হামলা বা ভয় দেখিয়ে যাঁদের মুখে চুনকালি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা সফল হবে না।
হামলার পেছনের ঘটনাক্রম ও হুমকির বিবরণ দিয়ে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তাঁর মোবাইলে হুমকির কল আসে। এর পর থেকে ধারাবাহিকভাবে তিনি একাধিক হুমকি পেতে থাকেন। এসব হুমকির বিষয় উল্লেখ করে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া থামেনি।
সংবাদ সম্মেলনে এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, বুধবার রাতে তাঁর বাড়িতে হামলাটি সংঘটিত হওয়ার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়। পরবর্তীতে মধ্যরাতে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁদের বসতবাড়িতে পর পর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও আলামত দেখে এটি পেট্রলবোমা হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যা তদন্তে সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসবে।
বসতবাড়িটি পরিত্যক্ত বলে প্রচারিত সংবাদ নাকচ করে দিয়ে নুসরাত তাবাসসুম বলেন, এটি তাঁদের দাদার হাতে তৈরি মূল বসতবাড়ি, যেখানে তিনি নিজে ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন এবং বাবা-মা সংসার করেছেন। পাঁচ-ছয় বছর ধরে ওই বাড়িতে একটি অসহায় পরিবার বসবাস করে এটি দেখভাল করছিল। বর্তমানে সেখানে গবাদিপশুর একটি খামারও ছিল। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। আগুনে বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।
এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি দাবি করেন, এ কাজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনের। ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করছে বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে দৌলতপুরে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে পাহারা দিলেও ১২ ঘণ্টা পার হওয়ার পরও কোনো আলামত সংগ্রহ করতে না পারায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ঢিলা’ বলে বর্ণনা করেন এ এমপি। এ ঘটনায় দৌলতপুর থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।




