বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী নারী কর্মীদের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও বিশ্বের নানা প্রান্তে গৃহকর্মী, স্বাস্থ্যসেবাকর্মী, কেয়ারগিভার এবং আতিথেয়তা খাতের মতো গুরুত্বপূর্ণ পেশায় হাজার হাজার বাংলাদেশি নারী নিয়োজিত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স শুধু তাদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনই করছে না, বরং জাতীয় অর্থনীতির ভিতকেও শক্তিশালী করছে। ২০২৪ সালে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের মধ্যে নারীর হার ছিল প্রায় ৬ শতাংশ। বর্তমানে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিচর্যার মতো দক্ষ পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ছে, যা বাংলাদেশি নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
গৃহভিত্তিক কাজে অধিকাংশ নারী নিয়োজিত থাকলেও, কিছু বাংলাদেশি নারী এখন তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও প্রশাসনের মতো নেতৃত্বস্থানীয় পদেও সফলভাবে কাজ করছেন। এই সাফল্য প্রমাণ করে যে, যথাযথ শিক্ষা ও সুযোগ পেলে তারা বৈখক শ্রমবাজারে নেতৃত্ব দিতে সক্ষম। তবে এই অগ্রযাত্রার বিপরীতে রয়েছে অনেক চ্যালেঞ্জ। অনেক প্রবাসী নারী কর্মক্ষেত্রে বৈষম্য, দীর্ঘ কর্মঘণ্টা, বেতনবঞ্চনা এবং মানসিক চাপের শিকার হন। বিশেষ করে গৃহভিত্তিক কাজে নিয়োজিতরা সহায়তাকারী ব্যবস্থার অভাবে বেশি ঝুঁকিতে থাকেন। ভাষাগত প্রতিবন্ধকতা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে সাহায্য চাওয়া বা সমস্যার কথা জানানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এছাড়া শারীরিক ও যৌন হয়রানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকিও বিদ্যমান।
পরিবার ও প্রিয়জনদের থেকে দূরে থাকার ফলে একাকিত্ব ও মানসিক চাপে ভোগা অভিবাসী নারীদের জন্য অভিবাসন কেবল একটি কর্মসংস্থান নয়, বরং এটি তাদের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকারের সাথে গভীরভাবে জড়িত। তাই নারী শ্রম অভিবাসনকে কেবল রেমিট্যান্সের উৎস হিসেবে না দেখে তাদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
প্রবাসী নারী কর্মীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বেশ কিছু নীতিগত সুপারিশ বাস্তবায়নের প্রয়োজন। এর মধ্যে রয়েছে কোনো নারী কর্মী নির্যাতনের শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ বাংলাদেশ মিশনকে অবহিত করার কার্যকর ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা চালু থাকা সহায়তা হটলাইন নিশ্চিত করা। এছাড়া অভিযোগ করার ফলে চাকরি হারানো বা মিথ্যা অভিযোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে হবে। কর্মীদের মাতৃভাষায় কাজের চুক্তি, অধিকার ও জরুরি যোগাযোগের তথ্য সরবরাহ করা এবং জেন্ডার-সংবেদনশীল প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।
দ্বিপাক্ষিক শ্রমচুক্তিতে যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অন্তর্ভুক্ত করা এবং অপরাধের দ্রুত তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিং সেবা এবং দক্ষ পেশায় প্রবেশের সুযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের ক্যারিয়ার উন্নয়নের পথ প্রশস্ত করতে হবে। সমান কাজের জন্য সমান মজুরি এবং বৈষম্যহীন পদোন্নতির সুযোগ নিশ্চিত করা গেলে তারা কেবল শ্রমশক্তি হিসেবে নয়, বরং ভবিষ্যতের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠবেন। প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করা দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য।




