প্যাকিং ও র্যাপিং মেশিনের মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানির চেষ্টা ব্যর্থ হয়েছে। ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান 'জেআর বিজনেস ওয়ার্ল্ড' সংযুক্ত আরব আমিরাতের 'আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর কাছ থেকে এই চালানটি আমদানি করেছিল। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) শেষ পর্যন্ত চালানটি আটক করতে সক্ষম হয়েছে।
গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটিকে 'বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট' হিসেবে ঘোষণা করা হয়। ছয়টি প্যাকেজের এই চালানে প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল। ইনভয়েস অনুযায়ী, এই চালানটির ঘোষিত মূল্য ছিল ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার।
তবে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্র এবং আন্তর্জাতিক বাজারমূল্য বিশ্লেষণে দেখা গেছে, এই সামগ্রীগুলোর প্রকৃত আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার। অর্থাৎ, ঘোষিত মূল্যের সঙ্গে প্রকৃত মূল্যের পার্থক্য ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার, যা ঘোষিত মূল্যের চেয়ে প্রায় ২৫ গুণ কম। কাস্টমস জানিয়েছে, মেশিনগুলোর মডেল, বয়স ও সার্বিক অবস্থা যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।
আটক হওয়া চালানের মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি। পণ্যটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট 'এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড'। রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাকশিল্পের ভারী যন্ত্রপাতি সরবরাহ করা।
সিআইআইডি জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর যন্ত্রপাতি কেবল দেশের নিবন্ধিত ২৯টি সিগারেট উৎপাদক প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমেই আমদানি হওয়া উচিত। অন্য উপায়ে এ ধরনের প্ল্যান্ট দেশে আসলে তা দিয়ে নকল সিগারেট উৎপাদনের বড় ধরনের ঝুঁকি থাকে। এটি সাধারণ ভোক্তাদের প্রতারিত করার পাশাপাশি বৈধ উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করে এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়।



