জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, অবিলম্বে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
সরকারকে হুঁশিয়ার করে বিরোধীদলীয় নেতা সতর্ক বার্তা দেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় ও দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে এর জন্য উচ্চ মূল্য দিতে হবে। এ ধরনের ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, কুষ্টিয়ার ওই বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগানোর অভিযোগ উঠলেও স্থানীয় দৌলতপুর থানা পুলিশ ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছে। পুলিশ জানায়, সেখানে কোনো ধরনের বোমা বিস্ফোরণ বা নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে একটি ছাগলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।




