পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একদল পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) কোহাটের গামবাত এলাকার কাছে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযান চালাতে যাচ্ছিল পুলিশ দলটি। কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে।
হামলায় ঘটনাস্থলেই গামবাতের ডিএসপি হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ার প্রাণ হারান। এ সময় হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুলির জবাবে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন পাঠানো হয়।
হামলার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং অপরাধীদের ধরতে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি পুলিশ কর্তৃপক্ষের কাছে হামলার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন।




