জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. মিতু জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের পরের দুটি ছবি প্রকাশ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।'
তিনি আরও বলেন, 'কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।' পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, 'বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।'
এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম জ্যোতি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’-এর প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।
ঘটনার পর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।




