সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মীকে বাছাই করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত এই কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে ৩০০ জন কর্মীকে নির্বাচন করা হয়েছিল, যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করার জন্য মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক লিখিত বক্তব্যে বলেন, চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ১০ হাজার কর্মীর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত তাদের হাতে ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) এসেছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সত্যায়ন (অ্যাটেস্টেশন) সম্পন্ন হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।




