রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো দিন দিন আতঙ্ক ও উদ্বেগ বাড়াচ্ছে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করে গা-ঢাকা দিচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করলেও দুর্বৃত্তরা অধরাই থাকছে। তারা এমন সব স্থান ও স্পট বেছে নিচ্ছে যেখানে সিসি ক্যামেরা নেই এবং পুলিশের উপস্থিতি কম। মোটরসাইকেল ব্যবহার করে তারা দ্রুতই ঘটনাস্থল থেকে সটকে পড়ছে, ফলে প্রত্যক্ষদর্শীরাও অনেক সময় টের পাচ্ছেন না। এছাড়া এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো আগাম গোয়েন্দা তথ্য নেই।
চলতি বছরের আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলসহ বিভিন্ন তৎপরতা শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, এরপর থেকেই ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সেপ্টেম্বরে এমন অনেক ঘটনা ঘটে এবং প্রায় অর্ধশতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ করা হয়। ওই সময় নাশকতার আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয় এবং কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তারও করা হয়। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে শ্রমিক আন্দোলনকে সামনে রেখে ফের ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত বেশ কয়েকটি বাসে আগুন ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শহর জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তবে পুলিশের ঊর্ধ্বতন মহল নাশকতা এড়াতে সারা দেশের পুলিশ সদস্যদের সতর্ক করেছে। একইসঙ্গে নাশকতাকারীরা যাতে জনগণের ক্ষতির কারণ না হয় সেদিকে নজর দিতে এবং গোয়েন্দা বিভাগকে এসব নাশকতার সঙ্গে জড়িত, ইন্ধনদাতা, অর্থদাতা ও বাস্তবায়নকারীকে খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গতকাল বলেছেন, একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজগুলো করছে। প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি জানান, জননিরাপত্তার জন্য ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের মোবাইল পার্টি, পিকেট ডিউটি এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
ককটেল তৈরির উপাদান ও দাহ্য পদার্থ সংগ্রহ প্রসঙ্গে মো. আকতার হোসেন বলেন, এর আগেও ডিবি এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। আমরা খেয়াল রাখছি যে, নাশকতার উদ্দেশ্যে কোনো জায়গায় এগুলো ক্রয়-বিক্রয় হচ্ছে কি না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহ করছে, সেই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত রিপোর্টের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন করা আছে এবং অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।




