কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর রোববার বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এই যৌথ অভিযান পরিচালিত হয়। ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পদক্ষেপ নেয়।
অভিযানকালে সানাউল্লাহর বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে তিন রাউন্ড ৭.৬৫ বোরের পিস্তলের এবং এক রাউন্ড একনলা বন্দুকের গুলি রয়েছে। এছাড়া বসতঘর থেকে একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
অস্ত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রয়েছে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন সিম কার্ডের আটটি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার ৯ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যৌথ বাহিনীর এই অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও আলামতগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




