রাজধানী জুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ ও নাশকতার ঘটনা ঘটছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ভাটারা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষার্থী পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটির দায়িত্বে থাকা কর্মকর্তা কামাল হোসেন জানান, ওই সময় ১০০ ফিট সড়কে চারটি বাস পার্কিং করা ছিল। ভাটারা থানার এসআই দেবাশিষ রায় জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক পেছনের দিক থেকে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে নীলক্ষেতের গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে দুটি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে দুটি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে একটি এবং ইউল্যাব স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। টিএসসি এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা রেজাউল করিম, সোহেল রানা ও নাজমুস সাদ নামে তিন যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশান জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
নাশকতার এই ধারা অব্যাহত রেখে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের সামনের বীর-উত্তম শামসুল আলম সড়কে ফ্লাইওভারের উপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়, যা সিআইডি কার্যালয়ের ভেতরে এসবি’র একটি গাড়ির ওপর পড়ে। পল্টন থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানার ভেতরেও ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়, এতে দায়িত্বরত এসআরবি-৪-এর এক সদস্য আহত হন। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনেও একটি গাড়ির ওপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ও ডেমরার বাঁশেরপুল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। শনিবার রাত ১০টা ২০ মিনিটে বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণে কাঁচ ভেঙে যায় এবং পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণ করে। এছাড়াও শনিবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শুক্রবারও রাজধানীর অন্তত পাঁচটি স্পটে জোড়া ককটেল বিস্ফোরণ ও বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নাশকতার ছক কষছে। আগামী ১০ই নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘট সামনে রেখে বিদেশ থেকে নির্দেশনা ও অর্থায়নে এসব নাশকতা চালানো হচ্ছে। দুর্বৃত্তরা নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহার করছে, যেখানে একজন চালক ও অন্যজন ককটেল নিক্ষেপকারী হিসেবে কাজ করছে। অনেক ক্ষেত্রে বিস্ফোরণের সময় তারা ভিডিও ধারণ করে নির্দেশদাতাদের কাছে পাঠাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি গোষ্ঠী এই নাশকতা চালাচ্ছে। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল পার্টি, পিকেট ডিউটি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।




