নগর প্রতিবেদক: ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী কর্মসূচি। এর অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় প্রতি শনিবার পিংক বাসে ভ্রাম্যমাণ ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং করা হবে।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বিআরটি’র একটি দ্বিতল পিংক বাস নগরের বিভিন্ন এলাকায় এ বাসে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম চালাবে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি জানান, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে নারীর স্বাস্থ্য নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রামকে ব্রেস্ট ক্যানসার সচেতন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীকে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গোলাপি আলো জ্বালানোর আহ্বান জানান মেয়র।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমানসহ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।




