ইসরাইলের উত্তরাঞ্চলের দাহি গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরের উসকানিকে দায়ী করেছেন বিরোধী দলের একাধিক নেতা। বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত শুরু করেছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে সন্দেহভাজন অগ্নিসংযোগ এবং কাছের একটি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীকের ওপর যেকোনো ধরনের হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।
মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার নামাজের জন্য মসজিদে পৌঁছে তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তিনজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজন প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হলে মসজিদের দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে মারে। ইমাম একে বর্ণবাদী হামলা হিসেবে অভিহিত করলেও জানিয়েছেন যে, এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর মসজিদের আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে।
রাজনীতিকদের অভিযোগ, গত মাসের নির্বাচনে আরব জনগোষ্ঠীর দলগুলো নজিরবিহীন সাফল্য পাওয়ার পর থেকে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোটের নেতারা ইসরাইলের আরব নাগরিকদের নিয়ে বারবার উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এর ধারাবাহিকতাতেই এ হামলা হয়েছে বলে তাদের দাবি।
নেতানিয়াহুবিরোধী জোটের শীর্ষ নেতা ইয়ার লাপিদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মসজিদে আগুন দেওয়া জঘন্য বিদ্বেষমূলক অপরাধ। এটি ইহুদিদের কাজ নয়, ইসরাইলিদের কাজও নয়।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানিয়ে এর জন্য নেতানিয়াহুর ডানপন্থি রাজনৈতিক শিবিরকে দায়ী করেন।
বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্যমতে, এটি নেতানিয়াহু ও তার সরকারের চালানো উসকানিমূলক প্রচারণারই পরিণতি। আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিন দাহি গ্রাম পরিদর্শন করে বলেছেন, ‘নেতানিয়াহু, তার পুরো মন্ত্রিসভা এবং তার সঙ্গে থাকা সব উগ্রপন্থিকে আমরা দায়ী করছি। কারণ, তাদের বিপজ্জনক উসকানি এখন আমাদের জনগণের ওপর হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে।’
উল্লেখ্য, ইসরাইলের আরব নাগরিকেরা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর এবং তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। এর আগে নেতানিয়াহু একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর নির্বাচনী কার্যক্রমে জালিয়াতির অভিযোগ তুললেও দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।




