পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে মামলা তুলে নেয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দায়ের করা মামলার বাদীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বিবাদী মো. আজিম হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার মামলা নং- ৫৪(১)/২০২১, জি.আর নং- ৭৭১/২০২১-এর ১ নম্বর আসামি মো. আজিম হোসেন দাবি করেন, মামলার বাদী লুৎফুর রহমান মাস্টার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সেটি তুলে নেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নগদ অর্থ গ্রহণ করেন। তার অভিযোগ, মামলার নিষ্পত্তির কথা বলে প্রায় ৪৫ হাজার টাকাসহ আরও কিছু অর্থ নেওয়া হলেও মামলার কোনো অগ্রগতি হয়নি।
আজিম হোসেন বলেন, আদালতের ধার্য তারিখে বাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় যোগাযোগ করলে পুলিশ তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি থানায় একটি জিডি দায়ের করেন।
এছাড়া তিনি অভিযোগ করেন,বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ নিতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যগন নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার, ডিআইজি, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।
তবে, এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




