মিরসরাই প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গফুর।
বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল আলিম, দুর্গাপুর ইউনিয়ন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাশ, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুললিত বিশ্বাস, দক্ষিন জনার্দ্দনপুর সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ সোম, শিকারপুর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল গফুর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস রয়েছে। যার ধর্ম সে পালন করবে। তাতে বাঁধা দেওয়ার কারো অধিকার নেই। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য জামায়াতে ইসলামী যেকোন ধরণের সহযোগীতা করতে সবসময় প্রস্তুত।




