পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক থাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারী) উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিমের মুক্তির দাবিতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের মুক্তি দাবি জানিয়ে স্থানীয়রা বিভিন্ন শ্লোগান দেন এবং নি:শর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ মানবন্ধনে উপস্থিত ছিলেন।
জানা যায়, মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি ব্যবসায়িক কাজে ১২ অক্টোবর চীনে গমন করেন। ১৮ অক্টোবর পর্যন্ত তিনি চীনে ছিলেন। তিনি দুবাইয়ে অবস্থানকালীন ১০ অক্টোবর বিকালে মগনামা ইউনিয়নে দুর্বৃত্তরা স্থানীয় মোহাম্মদ আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত আবু ছৈয়দের ছেলে মো. ইমান বাদী হয়ে ২৪ জনের নামসহ ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে ঘটনার পরদিন পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। যার মামলা নং-৭। ঘটনার পর পেকুয়া থানা পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার এজহারে মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম নাম ছিল না।
গত বছরের ২৮ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পেকুয়া থানা পুলিশ ও র্যাবের যৌথ টিম মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে আটক করেন এবং তাকে ওইদিন মগনামার আবু ছৈয়দ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামি করে আদালতে পাঠায় পেকুয়া থানা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিম।




