সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহায়তার আবেদন জানাতে গিয়ে তাৎক্ষণিকভাবে একটি নতুন হুইলচেয়ার পেয়েছেন মো. আমজিয়ার কাগুচি নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। অসহায় ও শারীরিকভাবে অক্ষম এই ব্যক্তির দুর্ভোগের কথা শুনে শ্যামনগরের ইউএনও শামসুজ্জাহান কনক সরাসরি উদ্যোগী হয়ে এই সহায়তা তুলে দেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকালে পরিবারের আর্থিক অসচ্ছলতা ও চরম অসহায়ত্বের কথা জানিয়ে সহায়তার আশায় ইউএনওর কাছে যান আমজিয়ার কাগুচি। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মৃত আজিজুল্যাহ কাগুচির ছেলে।
আমজিয়ারের সঙ্গে আলাপের একপর্যায়ে ইউএনও শামসুজ্জাহান কনক দেখতে পান, তাঁর একটি পা নেই এবং তিনি কোনোভাবেই স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। শারীরিক এই প্রতিবন্ধকতা ও নিত্যদিনের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে ইউএনও বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে আমজিয়ারকে একটি নতুন হুইলচেয়ার দেন।
প্রয়োজনের মুহূর্তে এভাবে হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমজিয়ার কাগুচি। ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, চলাচলের মারাত্মক অসুবিধার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তবে এই নতুন হুইলচেয়ারটি পাওয়ার পর থেকে তাঁর দৈনন্দিন চলাফেরার কষ্ট অনেকটাই লাঘব হবে।
এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সেবা সুনিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদাই নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান ও তাঁদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।




