যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা উচ্চারণ করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি।
জেনারেল রেজায়ি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান কেবল তাদের আশপাশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেই সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, এর আগে যেসব দূরবর্তী ঘাঁটিতে কখনো হামলা চালানো হয়নি, সেসব স্থানেও আঘাত হানার প্রস্তুতি রয়েছে ইরানের। বিশেষ করে, ইউরোপের কোনো দেশ থেকে যদি মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করে, তবে সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি ইরানের লক্ষ্যবস্তু হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়ে রেজায়ি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা চলছে না। তবে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছে এবং সেগুলোর বিষয়ে মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের প্রথম অগ্রাধিকার হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান নিশ্চিত করা, যার মধ্যে লেবাননে চলমান সংঘাত বন্ধ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া ইরান ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ইরাককে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনেও প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানিয়েছেন।




