ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট সিরিজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি আইপিএলে পাঞ্জাব কিংস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে তার যোগদানের খবর সামনে আসার পর এবার বাগদানের এই সুখবর এল।
সামরিন কৌর নিজেই ইনস্টাগ্রামে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সেখানে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আর্শদীপ হাঁটু মুড়ে বসে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এছাড়া আংটি পরিয়ে দেওয়ার মুহূর্ত এবং দু’জনের হাসিমুখের ছবিও পোস্ট করা হয়েছে।
সামরিন তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “জীবন আমাদের যা কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে আনন্দের হল আমাদের একে অপরকে পাওয়া। সারা জীবন একসঙ্গে থাকব। ১১.১১.২০২৬।”
জানা গেছে, নিউজিল্যান্ড সফরে আর্শদীপের সঙ্গেই গিয়েছিলেন সামরিন। সেখানে আর্শদীপের বাবা দর্শন সিং এবং পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বাগদানের পরিকল্পনা আগে থেকেই ছিল বলেই পরিবারকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছিলেন তিনি।
এর আগে চার মাস আগে আর্শদীপ প্রথমবারের মতো সামরিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। তখন সামরিনের দুটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছিলেন, “আমার কাছের লোক।” এরপর থেকে তাদের দু’জনকে বিভিন্ন সময় জনসমক্ষে দেখা গিয়েছে।




