ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালটির পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, হাসপাতাল চত্বরে অবস্থিত আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরাইলি বিমান থেকে সরাসরি আঘাত করা হয়। এই হামলায় চারজনের প্রাণহানি ঘটে। হাসপাতালটির পরিচালক জানান, ভয়াবহ এই হামলায় আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মঙ্গলবারের হামলায় আহত আরেক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।




