নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হওয়ার কথা। আবেদনের মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন ইংরেজি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য।
গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় বাড়িয়ে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষে মোট ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
জানা গেছে, এবারের পরীক্ষায় ইংরেজি ও আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে ৩৪ হাজার ১৭৭ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ২৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে অকৃতকার্যের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ এবং আইসিটিতে ২৬ দশমিক ৬৪ শতাংশ। বিষয় দুটিতে দুর্বল ফলাফল সামগ্রিক পাসের হার কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
এবারের পরীক্ষায় মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।
গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পাসের হার গত প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ হাজার ৬৭১ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৮২২ জন। অন্যদিকে, ৪১ হাজার ৬৬৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৪৪ জন।




