রাজধানীর পল্লবী ও মিরপুর এলাকায় পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক এই ঘটনায় বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর কালশী রোডের ফুলকলি মোড়ে দুর্বৃত্তরা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি বাসে আগুন দেয়। পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪)-এ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতি ৮ থেকে ১০ লাখ টাকা। এছাড়া অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ ও আসন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একই দিন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১টা ১৯ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, জানালার কাচ ও বডির কিছু অংশ পুড়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে তিন লাখ টাকা। শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।




