নিজস্ব প্রতিবেদক: ‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও শুরু হচ্ছে দুইদিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।
তিনি জানান, সারা দেশ থেকে ৬৪টি জেলার প্রায় ৪ হাজার আবৃত্তিশিল্পী ও সংগঠক এই উৎসবে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ ও ২৮ জানুয়ারি) চট্টগ্রামে দুই দিনব্যাপী আবৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব পদক’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে (অনলাইন) বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ নির্বাহী পরিষদের সদস্য হাসান জাহাঙ্গীর, মাহবুবুর রহমান, মশরুর হোসেন, তাসকিয়াতুন নূর তানিয়া ও সেলিম রেজা সাগর প্রমুখ।



