‘তুরস্ক সম্পর্কে আমার গভীরভাবে পড়াশোনা নেই। তবে তুরস্কের বিপ্লবের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার বিশ্বাস, এই বিপ্লব শুধু তুরস্কের নয়, বরং সমগ্র প্রাচ্যের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে। প্রাচ্যের একজন মানুষ হিসেবে তুরস্কের এই অগ্রগতি আমাকে আশাবাদী করে।’ ১৯২৬ সালের ২২ নভেম্বর ইস্তাম্বুলে অবস্থানকালে উর্দু সংবাদপত্র ‘রোজানা হামদর্দ’-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছিলেন। সেদিনের এই কথোপকথন কেবল একজন কবির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে না, বরং ভারতীয় উপমহাদেশ ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পর্কের কথাও মনে করিয়ে দেয়।
‘রোজানা হামদর্দ’ পত্রিকাটির সম্পাদক ছিলেন মাওলানা মুহাম্মদ আলী জওহর। তুরস্কের প্রতি সমর্থন প্রকাশের কারণে ব্রিটিশ ভারতে কারাবন্দী হওয়া প্রথম সাংবাদিক হিসেবে তিনি পরিচিত। ফলে রবীন্দ্রনাথের কাছে তুরস্কের বিপ্লব নিয়ে জানতে চাওয়ার বিষয়টি সে সময়ের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। ইতালি, জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া সফর শেষে ১৯২৬ সালের ২১ নভেম্বর রোমানিয়ার ‘ইম্পারাতুল ত্রাইয়ান’ জাহাজে করে ইস্তাম্বুলে পৌঁছান রবীন্দ্রনাথ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার ছেলে, পুত্রবধূ, সচিব ও স্ত্রী।
ইস্তাম্বুলে যাওয়ার আগে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রাজা ফার্দিনান্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রবীন্দ্রনাথ। ১৯২৬ সালের ২৩ নভেম্বর কানাডার ‘ভিক্টোরিয়া ডেইলি টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, রাজা ফার্দিনান্দ তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় রাজার স্বাস্থ্য নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ায় এই সাক্ষাৎ জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছিল। রাজা ফার্দিনান্দ এর প্রায় আট মাস পর ১৯২৭ সালের ২০ জুলাই মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ইস্তাম্বুলে পৌঁছাবেন—এমন খবর ছড়িয়ে পড়লে অনেকেই ভেবেছিলেন তিনি ট্রেনে আসবেন, তাই রেলস্টেশনে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি ছিল। কিন্তু তিনি সমুদ্রপথে আসায় কেবল সংবাদপত্রের প্রতিনিধিরাই তাকে স্বাগত জানানোর সুযোগ পান। উসমানীয় তুর্কি ভাষার সংবাদপত্র ‘ভাকিত’-সহ তুরস্কের বিভিন্ন সংবাদপত্রে তার সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে অসুস্থতার কারণে জাহাজ থেকে নামতে না পারায় শহরে তার জন্য নির্ধারিত আনুষ্ঠানিক অভ্যর্থনা সম্ভব হয়নি।
‘রোজানা হামদর্দ’-এর প্রতিবেদনে তুর্কি সাংবাদিকদের সঙ্গে কবির কথোপকথনের বিবরণ পাওয়া যায়। তুরস্কে তার বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে জেনে রবীন্দ্রনাথ আনন্দ প্রকাশ করেছিলেন। পশ্চিমা সভ্যতার বস্তুবাদী প্রবণতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘পশ্চিমের বস্তুবাদ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আধুনিক জীবন মানুষকে ক্রমেই বেশি বস্তুবাদী ও কঠোর হৃদয়ের করে তুলছে। আমার বক্তৃতাগুলোর উদ্দেশ্য ছিল শ্রোতাদের মনে করিয়ে দেওয়া, জীবনের লক্ষ্য কেবল বস্তুগত অর্জনের চেয়ে অনেক বড়।’
১৯২৬ সালের ২৪ ডিসেম্বর ‘রোজানা হামদর্দ’-এর প্রতিবেদনে মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে রবীন্দ্রনাথের বক্তব্য উদ্ধৃত করা হয়। তিনি বলেছিলেন, ‘মানুষ যখন একে অপরকে শাসন করার চিন্তা পরিত্যাগ করবে এবং সবাইকে সমান হিসেবে দেখতে শিখবে, তখন মানবজাতির জন্য আর কোনো বিপদের আশঙ্কা থাকবে না।’ এই বক্তব্যে তার মানবতাবাদী দর্শনের সারমর্ম ফুটে ওঠে, যেখানে সমতা ও পারস্পরিক সম্মানই ছিল শান্তিপূর্ণ পৃথিবীর প্রধান শর্ত।




