নিজস্ব প্রতিবেদক: প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমান মেয়র নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) নাটোর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও নাটোর পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮১ ভোট।
নির্বাচনে বিজয়ী ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলররা হলেন যথাক্রমে মলয় কুমার রায়, জাহিদুর রহমান জাহিদ, ফরিদ আহম্মেদ, আশরাফ খান চৌধুরী আকিব, রোকনুজ্জামান হিরো, আরিফুল ইসলাম মাসুম, নাফিউল ইসলাম অন্তর, শেখ রুবেল হোসেন ও রানা হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নার্গিস পারভীন, কহিনূর বেগম পান্না এবং আয়েশা বেগম।
উল্লেখ্য, ১৬৯ বছরের প্রাচীন এ পৌরসভায় ভোটার ৬৪ হাজার ২৩৪ জন। নির্বাচনে মেয়র পদে ৬, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



