প্রেস বিজ্ঞপ্তি: নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর ও নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ রোববার (০৪ জুন)সকালে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ৩ টি ট্রাক ও ২টি বাস চালককে ৫টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় । নেত্রকোণা জেলার আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।




