নগর প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
আজ রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত দায়। পুলিশ বাহিনী কখনোই তার দায় নেবে না।
সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়। এরপর এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
মামলার অভিযোগ সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ নিজেকে সম্পৃক্ত করলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




